সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ আগস্ট: আজ সকালে বাঁকুড়া ১নং ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের সানাবাঁধ গ্রামে নিজ বাসভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর জীবনাবসান হল প্রবীণ সিপিআই(এম) নেতা সুখময় ব্যানার্জির। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৯ বছর।
পেশায় প্রাথমিক শিক্ষক সুখময় বাবু নিজের গ্রামেরই সানাবাঁধ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে অবসর নিয়েছিলেন ২০০৩ সালে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সংগঠক ও নেতা সুখময় বাবু সত্তরের দশকে লাভ করেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সদস্যপদ। ১৯৭৮ সালে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হন বাঁকুড়া ১নং পঞ্চায়েত সমিতির প্রথম সভাপতি। এক সময় ছিলেন পার্টির বাঁকুড়া জোনাল কমিটির ও পরবর্তী সময়ে বাঁকুড়া দক্ষিণ জোনাল কমিটির সদস্য।
তাঁর মৃত্যু সংবাদ পেয়েই পার্টি নেতৃত্ব তথা কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সানাবাঁধ গ্রামে তাঁর বাসভবনে উপস্থিত হন। তাঁর শরীর রক্ত পতাকায় আচ্ছাদিত করে শ্রদ্ধা জানান পার্টির বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক কমরেড মোহন ধবল। এছাড়াও তাঁকে একে একে শ্রদ্ধা জানান পার্টি নেতা প্রতীপ মুখার্জি, সুনীল ঘোষ, গণেশ দে, সুজয় পাল ছাড়াও এলাকার পার্টি নেতা গামারুদ্দিন, অধীর বাউরি দেবাশিস চ্যাটার্জি প্রমুখ। মৃত্যুকালে স্ত্রীকে ছাড়া রেখে গেছেন এক ছেলে, দুই মেয়ে, বৌমা, জামাই, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী মানুষজনকে।

