বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিক্ষায় মউ নিয়ে প্রশ্ন প্রবীন শিক্ষাবিদের

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২১ এপ্রিল: দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মউ স্বাক্ষর করল রাজ্যের সাতটি বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারে প্রশ্ন তুলেছেন প্রবীন শিক্ষাবিদ ডঃ সিদ্ধার্থ দত্ত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য সিদ্ধার্থবাবু বৃহস্পতিবার এই প্রতিবেদককে বলেছেন, “এসব পদক্ষেপের লক্ষ্য শিক্ষা ক্ষেত্রে আরও বেসরকারিকরণ। ‘গ্যাট’ চুক্তিতে স্বাক্ষর করার দিন থেকেই আমরা স্বীকার করে নিলাম যে শিক্ষা এখন পণ্য। তারপর থেকে অনেক এরকম সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে বিদেশী বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানের। কখনো ডুয়েল ও যুগ্ম ডিগ্রি আবার কখনো পড়ুয়া ও শিক্ষকদের বিনিময়ের মাধ্যমে। সব ক্ষেত্রেই এই প্রচেষ্টা চূড়ান্ত ভাবে ব্যর্থ। একমাত্র বিশেষ কোনও বিষয়ে গবেষণার ক্ষেত্রে দুটো দেশের মধ্যে সমঝোতার ক্ষেত্রে সফলতা অর্জন করা গেছে। সেসব একেবারে হাতে গোনা। সামগ্রিকভাবে এইরকম উদ্যোগের সাথে উৎকর্ষতার কোনও যোগ থাকে না। এ ক্ষেত্রেও সেটা হয়নি। তবে সরকার হাল ছাড়তে নারাজ। কিছুটা অবশ্য বাধ্যবাধকতার কারণে। আসলে উচ্চ শিক্ষা ক্ষেত্রে আমাদের দেশে এই মুহূর্তে ছাত্র ছাত্রীদের সংখ্যা প্রায় চার কোটি। বিশাল এই বাজার। সে জন্যই সরকার ইউজিসি-র মাধ্যমে এসব ক্ষেত্রে নিয়ম কানুন শিথিল করতে চলেছে। তবে অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি এইসব পদক্ষেপের ফল হবে ব্যর্থতা, আরও ব্যর্থতা এবং চূড়ান্ত ব্যর্থতা।“

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অবশ্য দাবি করেছেন, “কোভিড অতিমারীতে বিশ্বের মতো রাজ্যের শিক্ষাব্যবস্থা ও কিছুটা ধাক্কা খেয়েছে। তবে দ্রুত উৎকর্ষের দিকে এগোচ্ছি। মাঝে একটা সময় বাংলার গৌরব স্তিমিত হয়ে পড়েছিল। সেই গৌরব আবার মধ্যাহ্নের দীপ্তি ছড়াচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *