আমাদের ভারত, ৮ ফেব্রুয়ারি: রাজ্যের বিভিন্ন এলাকায় খোলা মাঠে পাঠশালা ও শিক্ষাদান কেন্দ্রে স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিতে মুখ্য সচিবকে আর্জি জানাল চন্দননগরের সহযোগী বিভিন্ন সংগঠন।
এক বিবৃতিতে চন্দননগরের সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষে পরিবেশ ও সমাজকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায়, শিক্ষাকর্মী কুনাল সেন ও সংস্কৃতি কর্মী শংকর কুশারী মঙ্গলবার জানান, “উন্মুক্ত স্থানে পাঠশালা আয়োজন সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যজুড়েই চলছে উন্মুক্ত প্রাঙ্গণে শিক্ষাদানের কর্মসূচি। এই কর্মসূচির সঙ্গে যুক্ত আমাদের সহযোগী সংস্থা সবুজের অভিযান ক্লাব সংলগ্ন প্রাঙ্গণে একইভাবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কানাইলাল বিদ্যালয় শিক্ষাদানের আয়োজন করেছেন।

এই প্রসঙ্গে আমরা বিশেষভাবে মনে করি,
(১) নিয়মিতভাবে এই প্রাঙ্গণগুলিকে স্যানিটাইজ করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। অবিলম্বে রাজ্যের সকল পুরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েত সহ সকল স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে যথাযথ উদ্যোগ নেয়ার জন্য নির্দেশ জারি হওয়া উচিত। কেন না এই শুদ্ধিকরণের উপরই নির্ভর করছে আগত কিশোর কিশোরীদের স্বাস্থ্যের মতো জরুরি একটি বিষয়।
(২) উন্মুক্ত প্রাঙ্গণে সঠিক শৌচাগারের ব্যবস্থা অনেক সময়ই পাওয়া যায় না। এমতাবস্থায় আমাদের অনুরোধ যে সকল বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে উন্মুক্ত মাঠ রয়েছে সেগুলিকে সঠিকভাবে ব্যবহার করার বিষয়টি খতিয়ে দেখা হোক।
(৩) প্রাথমিক স্তরেও যদি রোটেটিং পদ্ধতিতে ক্লাস চালু করা যায় সেই প্রস্তাবকেও গুরুত্ব সহকারে বিবেচনা করার অনুরোধও আমরা জানাতে চাই।
(৪) বিগত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন ক্লাব, সংগঠন ও পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার একটি প্রথা চালু হয়েছে। আজ এই বিশেষ পরিস্থিতিতে তাঁরাও তাঁদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না বলেই আমরা মনে করি।
উপরিউক্ত বিষয়গুলি আপনার দ্রুত বিবেচনার জন্য পেশ করা হল। আমরা আশা করবো, আপনি এই বিষয়গুলি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেবেন।”

