প্রার্থী নিয়ে কাজিয়া! একদিন আগেও বালুরঘাটে সম্পূর্ণ হল না তৃণমূলের মনোনয়ন, ২৫ টি ওয়ার্ডেই মনোনয়ন পত্র জমা দিয়ে এগিয়ে গেল বামেরা

পিন্টু কুন্ডু, আমাদের ভারত, বালুরঘাট, ৮ ফেব্রুয়ারি: রাজ্যের শাসক দলকে পিছনে ফেলে বালুরঘাটে পৌরনির্বাচনের নমিনেশন পর্বে এগিয়ে গেল বামেরা। ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টিতে বিজেপি মনোনয়ন পত্র জমা করতে সক্ষম হলেও, প্রার্থী নিয়ে কাজিয়ার জেরে নির্ধারিত দিনের একদিন আগে মাত্র একটি ওয়ার্ডেই মনোনয়ন জমা করতে পেরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর যাকে ঘিরেই পুরভোটের প্রাক্কালে জোর চর্চার মুখে পড়েছে ঘাসফুল শিবির। মঙ্গলবার বামেদের ২৫ টি এবং বিজেপির ১৮ টি ওয়ার্ডে মনোনয়ন পত্র জমার পরেই শুরু হয়েছে এই চর্চা। যদিও এদিন শুধুমাত্র শহরের ২২ নম্বর ওয়ার্ড থেকে নিজের মনোনয়ন পত্র জমা করিয়েছেন রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রীর পুত্রবধূ প্রদীপ্তা চক্রবর্তি।

রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া নির্ঘন্ট অনুযায়ী বুধবারই নমিনেশন জমা দেবার শেষ দিন। সেই দিকে লক্ষ্য রেখেই মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে নিজেদের প্রার্থীদের মনোনয়ন জমা করাতে ভিড় জমান রাজনৈতিক দলের প্রার্থীরা। কড়া পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে জেলা বামফ্রন্ট শহর জুড়ে মিছিল করে তাদের ২৫ জন প্রার্থীরই মনোনয়ন জমা করান। একই ভাবে বিজেপির তরফেও বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীকে সামনে রেখে একটি মিছিল করে শহরের ১৮ টি ওয়ার্ডে তাদের প্রার্থীদের মনোনয়ন জমা করান নেতৃত্বরা। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার সাথে নির্বাচন রয়েছে বালুরঘাট পৌরসভাতেও। সোমবারই বিজেপির তরফে ২৫ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যদিও তার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। তৃণমূল অনেক আগে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও তা নিয়ে কাজিয়ার জেরে নির্ধারিত দিনের একদিন আগেও নিজেদের সম্পূর্ণ প্রার্থীর নমিনেশন করতে পারেনি। আর যাকে ঘিরেই পুরভোটের প্রাক্কালে এখন জোর চর্চা বালুরঘাট শহরে।

যদিও ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা মহিলা তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তি জানিয়েছেন, দিন নেই, তাই আজই নিজের মনোনয়ন পত্র জমা করিয়েছেন। বাকিরা সময় মতো তাদের মনোনয়ন পত্র জমা করাবেন।

বামফ্রন্টের তরফে প্রলয় ঘোষ জানিয়েছেন, এদিন ২৫টি ওয়ার্ডেই মনোনয়ন জমা করিয়েছেন। তারা প্রতিটি আসনেই জয়যুক্ত হবেন।

বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, তাদের প্রার্থী তালিকা নিয়ে কোনো দ্বিমত নেই। শান্তিপূর্ণ ভোটের পাশাপাশি জেতার ব্যাপারে তারা একশো শতাংশ আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *