জয় লাহা, আমাদের ভারত, দুর্গাপুর, ৮ ফেব্রুয়ারি: ফের যাত্রীবাহি ট্রেনে কাফ সিরাপ পাচার। জিআরপি পুলিশের তৎপরতায় প্রচুর কাফ সিরাপসহ দুই পাচারকারী ধরা পড়ল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুর রেল স্টেশনে ৪ নং প্ল্যাটফর্মে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২০০ বোতল কাফ সিরাপ।
অন্ডাল থানার জিআরপি সুত্রে জানাগেছে, ধৃতদের নাম সাদ্দাম হোসেন ও মান্নান আলী। দু’জনেই মালদার কালিয়াচকের বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন খারিজ করে ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। ঘটনায় জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশনে হানা দেয় জিআরপি প্রতিনিধি দল। ওইসময় বিহার থেকে বিভূতি এক্সপ্রেস দুর্গাপুরে পৌঁছায়। খবর পাওয়া মত জিআরপি ৪ নং প্ল্যাটফর্মের চলমান সিঁড়ির কাছে যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করে। তল্লাশি করতে সাদ্দাম হোসেন ও মান্নান আলীর দুটো ব্যাগে নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার হয়।
জানাগেছে, ওই দুই পাচারকারী বিহারের বক্সার থেকে ব্যাগ ভর্তি নিষিদ্ধ ফেনসিডিল এরাজ্যে পাচারের জন্য নিয়ে আসছিল। জিআরপি পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ১৯৯ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। বহুদিন আগে ওই কাফ সিরাপ সুপ্রিম কোর্ট নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিন ধৃতদের আদালতে নিজ হেপাজতে নেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। কাফ সিরাপ কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

