আমাদের ভারত, ব্যারাকপুর, ৮ ফেব্রুয়ারি: আগামী পৌর নির্বাচন উপলক্ষ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১৬ টি পৌর সভার তৃণমূল প্রার্থীদের মধ্যে ৯০ শতাংশ প্রার্থী আজ ব্যারাকপুরে প্রশাসনিক ভবনে তাদের মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন তৃণমূল প্রার্থীরা তৃণমূল কর্মীদের সাথে মিছিল করে এসে মনোনয়ন পত্র জমা দেন। দমদম, উত্তর দমদম, বরানগর থেকে শুরু করে কাঁচড়াপাড়া পর্যন্ত বেশির ভাগ তৃণমূল প্রার্থীরাই মনোনয়ন পত্র জমা দেন। আজ এই প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়ে ছিল। শুধু মাত্র প্রার্থী ও তার এক এজেন্টকে সমস্ত কাগজ পত্র দেখে প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করার ছার পত্র দেওয়া হয়।
এদিন ব্যারাকপুরে প্রশাসনিক ভবনে দলের কর্মীদের মনোনয়ন জমা দেবার সময় উপস্থিত হয়ে দমদম ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন “দল বড় হয়েছে তাই সকলের চাহিদা বেড়েছে। তাই যারা টিকিট পায়নি তারা অভিমানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু আজ সব ক্ষোভ বিক্ষোভ ভুলে দলের প্রার্থীর হয়ে সবাই একসাথে মনোনয়ন জমা দিতে এসেছে। এটাই মমতা ব্যানার্জির দল।”

এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে বিধানসভার বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় আসেন। তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক ও রাজ্যের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, পৌর নির্বাচনে জেতার বিষয়ে তৃণমূল কংগ্রেস ১০০ শতাংশ আশাবাদী। যে সমস্ত কর্মীরা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে সব কিছু ভুলে গিয়েছে অর্থাৎ এ বিষয় নিয়ে আমাদের নিজেদের মধ্যে সমস্যা সমাধান করে নিয়েছি। দল বড় হয়েছে তাই মানুষের চাহিদা বেড়েছে এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দুঃখ বেদনা থাকবেই তবে এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। সমস্ত কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আগামী পৌরসভা নির্বাচনে কাজ করবে।

