স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ মে: অল্প পরিমাণ বৃষ্টি হলেই উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে প্রশাসনিক এলাকাতেই রাস্তায় জল জমে যায়। ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই ইটাহারের বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে জল জমে থাকে। জল যাওয়ার জন্য জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। ইটাহারের চৌরাস্তা থেকে শুরু করে ইটাহার ব্লক প্রশাসন দপ্তরে যেতে গেলেও জল ডিঙিয়ে যেতে হয়। অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ।

অন্যদিকে জেলা বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী টেলিফোনে বলেন, রাজ্যের উন্নয়নের জোয়ারের একটা চিত্র হল ইটাহার। অল্প বৃষ্টি হলেই ইটাহারের বিভিন্ন জায়গায় দীর্ঘ দিন ধরে রাস্তায় জল জমে থাকে। জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। ফলে অসুবিধাতে পড়তে হয় সাধারণ মানুষকে। জল নিকাশির কোনো ব্যবস্থা নেই বলেই ইটাহারে বর্ষার সময় বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয়। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিজেপি নেতৃত্ব।

অন্যদিকে ইটাহারের বিডিও অমিত বিশ্বাস জানিয়েছেন, বৃষ্টির ফলে কিছু কিছু রাস্তায় জল জমে রয়েছে। অবিলম্বে এই জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।

