আমাদের ভারত, ১০ আগস্ট: এ বছর স্বাধীনতা দিবসে প্রথমবার দিল্লির লাল কেল্লাতে গাওয়া হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম। সোমবার এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। চলতি বছর বন্দে মাতরম ১৫০ বছরে পা দিয়েছে। তাই সেটি উদযাপন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। এবার অনুষ্ঠানের মূল ভাবনা যুব শক্তি বিকশিত ভারতের যাত্রা। দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবারের অনুষ্ঠানে।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ক্রমেও কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লায় পৌঁছানোর পর প্রথম পরিবেশিত হবে বন্দে মাতরম। তারপর জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ১৮৮২ সালে প্রকাশিত তাঁর উপন্যাস আনন্দমঠে প্রথম প্রকাশিত হয় এই গানটি। পরবর্তীকালে গানের প্রথম কয়েকটি পংক্তি ভারতে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় বন্দে মাতরম হয়ে উঠেছিল জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রধান স্লোগান। স্বাধীনতা সংগ্রামীরা মাতৃভূমির প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে এই গানকে ব্যবহার করতেন।
স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে লালকেল্লার প্রাচীর থেকে প্রথমবার বন্দে মাতরম পরিবেশনের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গানটির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি দেশের জাতীয় চেতনার বিশেষ অবস্থানের বিষয়টিও তুলে ধরতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।

