Sukanta, BJP, ৯ কোটির ইঞ্জেকশন কেনার ক্ষমতা নেই, বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১০ আগস্ট: বিরল জিনগত রোগাক্রান্ত ছোট্ট অর্কজিতের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিপুল চিকিৎসার খরচ সামাল দিতে না পারায় শিশুটির পরিবারের পাশে সার্বিক ভাবে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

দু’ বছর সাত মাস বয়সে যার ছুটোছুটি করে খেলার কথা, তার সেই দৌড় থমকে গেছে এক জটিল রোগের কারণে। এসএমএ টাইপ টু- তে আক্রান্ত আড়াই বছরের অর্কজিত মন্ডল। বিরল জিনগত রোগের কারণে পায়ে শক্তি ক্রমশই কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না সে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন বিদেশ থেকে আনতে হবে এটি ইনজেকশন। সেই ইনজেকশনের দাম প্রায় নয় কোটি টাকা। এছাড়া অর্কজিতকে বাঁচিয়ে রাখতে প্রতি মাসে ওষুধ বাবদ প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ। এই বিপুল চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য নেই পরিবারটির। তাই পরিবারের ছেলেকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হয়েছিলেন অর্কজিতের পরিবার। সমস্ত বিষয় শুনে সুকান্ত মজুমদার অর্কজিতের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিষয়টি রাজ্য স্বাস্থ্যমন্ত্রীর নজরেও এনেছেন তিনি। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে অর্কজিতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে।

বালুরঘাটের ব্লকডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হাতিয়াপাড়ার বাসিন্দা অর্কজিতের বাবা বিশ্বজিৎ মন্ডল পেশায় কাঠমিস্ত্রি। তার সামান্য আয়ে চলে চার সদস্যের সংসার। ফলে মাসে ৫ লক্ষ টাকার ওষুধের খরচ যোগানো যখন পরিবারের পক্ষে অসম্ভব, সেখানে নয় কোটি টাকার ইনজেকশন কেনার কথা ভাবতেই তাদের কাছে দুঃস্বপ্ন মনে হয়েছে।

ছেলের চিকিৎসার জন্য ইতিমধ্যেই বালুরঘাটের বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত প্রয়োজনীয় অর্থ তারা জোগাড় করে উঠতে পারেননি। এবার তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *