রাজেন রায়, কলকাতা, ১৮ অক্টোবর: উৎসব শেষ হতেই রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্ক কলকাতা পুরসভা। বেড়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপও। সংক্রমণ অবিলম্বে রুখতে টেস্টিংয়ের উপর জোর দিচ্ছে কলকাতা পুরসভা। মঙ্গলবার থেকে পুরো স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিলের পথে কলকাতা পুরসভা। এছাড়াও ভিডিও কনফারেন্সে আলোচনায় বসছে কলকাতা পুরসভা।
স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণ এবং টেস্টিং চালু করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পুজোর সময় পুরকর্মীরা ছুটিতে ছিলেন। স্বভাবতই টেস্টিংয়ের জায়গাটা অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছে। পুজোর পরে বর্ষা বাড়ায় চিন্তায় কলকাতা পুরসভা। এরই মধ্যে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। উদ্বেগ বাড়াচ্ছে জমা জল।কলকাতার বেশ কয়েকটি জায়গা থেকে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
তাই কলকাতা পুরসভা এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করছেন অনেকে। অপরদিকে পুজো মিটতেই কলকাতা পুরসভা টিকাকরণ প্রক্রিয়া চালু করেছে। তবে অধিকাংশ মেগা সেন্টারে টিকা দেওয়া বন্ধ রয়েছে। পুজোর জন্য ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি থাকলেও টেস্ট এবং ভ্যাকসিনেশনের জোর দিতে বলছে কলকাতা পুরসভা। পুরো প্রশাসক মন্ডলীর সদস্য জানিয়েছেন, দ্রুত পুরোদমে চালু হবে ভ্যাক্সিনেশন এবং টেস্ট।

