জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ অক্টোবর: দীর্ঘদিন ধরেই দাসপুর ২ ব্লকের সোনাখালীতে তৈরি হচ্ছিল একটি মনসা মন্দির। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন হল। এদিন দুপুরে দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা ও দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলইয়ের উপস্থিতিতে মনসা মন্দিরের উদ্বোধন হয়। বিধায়ক মমতা ভুঁইঞা ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই প্রদীপ জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন।

দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার মতো দাসপুরের সোনাখালিতেও প্রতি বছর আশ্বিন মাসের সংক্রান্তিতে ধুমধামের সঙ্গে মনসা পুজোর আয়োজন হয়ে থাকে। হিন্দু ধর্মের মানুষদের বিভিন্ন আরাধ্য দেবদেবীর মধ্যে মনসা অন্যতম দেবী হিসেবে পূজিতা হন। এতদিন মা মনসার পুজো হত আটচালাতে। নতুন মন্দির তৈরি হওয়ার ফলে এ বছর থেকে মন্দিরে মনসা পুজো অনুষ্ঠিত হচ্ছে।

