ইটাহারে গুলিবিদ্ধ হয়ে বিজেপি যুব মোর্চার সহ সভাপতির মৃত্যু, প্রতিবাদে মঙ্গলবার জেলাজুড়ে ৮ ঘণ্টার বনধ জানালেন দলের সভাপতি সুকান্ত মজুমদার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ অক্টোবর: ইটাহারে বিজেপি যুব মোর্চার সহ সভাপতির মৃত্যুর ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উত্তর দিনাজপুর জেলাজুড়ে ৮ ঘণ্টা বনধের ডাক দিল বিজেপি যুব মোর্চা নেতৃত্ব। সোমবার রায়গঞ্জে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সুকান্তবাবু।

উল্লেখ্য, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ কয়েকজন যুবক বাইকে মিঠুন ঘোষের বাড়ির সামনে এসে তার নাম ধরে ডাকে। বাড়ি থেকে বের হতেই পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায় ওই দূষ্কৃতীরা। মিঠুনের পেটে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে দূষ্কৃতীরা বাইক চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকার বাসিন্দারা তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বর্তমানে মৃতদেহের ময়না তদন্ত চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। রায়গঞ্জে জেলা বিজেপি কার্যালয় থেকে মৃতের বাড়ি ইটাহারে যাবেন রাজ্য সভাপতি। এই ঘটনায় কাল রাতেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *