হাবড়ায় তৃণমূল নেতা মন্ত্রী নিখোঁজ, সোশ্যাল মিডিয়ায় পোস্টার

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, হাবড়া, ১৮ অক্টোবর: তৃণমূল বিধায়ক, পুরপ্রশাসক, কাউন্সিলরের নামে নিখোঁজের পোস্টার ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টারে নেতাদের ছবি সহ লেখা আছে ‘সন্ধান চাই’‌। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল ‌হয়েছে। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার ছড়ানোর ঘটনাকে সমর্থন করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বাসিন্দারা।

এই পোষ্টারে যাদের সন্ধান চাওয়ার কথা বলা হয়েছে তারা হলেন, হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, হাবড়া পুরসভার প্রশাসক নারায়ণ সাহা এবং হাবড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নন্দা চক্রবর্তী। এঁদের সন্ধান চাওয়ার কথা উল্লেখ করে ব্যাঙ্গাত্মক অর্থে এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। মূলত পুরসভার ৪ নম্বর বিজেপির একটি গ্রুপে এই পোষ্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। কারা এই পোষ্টার ছড়িয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিষয়ে হাবড়া পুরসভার প্রশাসক নারায়ণ সাহা ‌বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘‌যে বা যারা এই ধরনের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন, তাদেরকে ধন্যবাদ। তাঁরা আমাদের হয়ে প্রচার করছেন। যেহেতু হাবড়ায় বিজেপির কোনও অস্তিত্ব নেই, সেই কারণে তাঁদের কোনও কাজও নেই। তাই এই সমস্ত কাজ করছে।’

অন্যদিকে, এ ব্যাপারে হাবড়ার বিজেপি নেতা বিপ্লব হালদার পোষ্টার ছড়ানোর বিষয়টিকে সমর্থন করে বলেন, ‘‌যারা এই ধরনের পোষ্ট করেছেন, তাঁদের একটাই উদ্দেশ্য, এই দুদিনের বৃষ্টিতে হাবড়া শহরের অধিকাংশ এলাকার মানুষ যেভাবে জল যন্ত্রনায় ভুগছেন। এই দুর্দিনে তাঁদের দেখার জন্য কেউ নেই। সেই রাগে পড়েই এই ধরনের কাজ করেছেন তাঁরা। এর সঙ্গে বিজেপির কোনও যোগ আছে বলে আমার মনে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *