বৃষ্টি মাথায় নিয়ে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ পুরুলিয়া বিজেপির

সাথী দাস, পুরুলিয়া, ১৮ অক্টোবর: বাংলাদেশে দুর্গা মন্দিরে হামলা ও হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে বৃষ্টির মধ্যেই পথে নামলো পুরুলিয়া জেলা বিজেপি। এদিন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড মোড়ে জমায়েত হয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন জেলা বিজেপি নেতা কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

তিনি বলেন, “বাংলাদেশের ঘটনায় অন্যান্য রাজনৈতিক দল চুপ করে থাকলেও বিজেপি তীব্র প্রতিবাদ করছে। কোনও অবস্থাতেই এই ন্যাক্কার জনক ঘটনা মেনে নেব না। তাই বৃষ্টি মাথায় নিয়ে প্রতিবাদ করছি।” প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের হাসিনা সরকারের সঙ্গে এই ব্যাপারে রাজ্য সরকারের কথা বলা উচিৎ বলে জানান বিজেপি জেলা সভাপতি। ওই ঘটনার পর রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই বিজেপি নেতা।

দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায় পুরুলিয়া শহরের একটি ক্লাবও। রবিবার রাতে পুরুলিয়া শহরের তারা সঙ্ঘ নামে ওই ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ ছাড়াও নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করা হয়। মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেন ক্লাবের সদস্যরা। ক্লাবের সদস্যরা ছাড়াও বাংলাদেশের আক্রান্ত ও পীড়িত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *