কিশোরী অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ২৫ জুলাই: একটি ইউটিউব চ্যানেলের এক কিশোরী অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার রাজাপুর পশ্চিম পাড়ায়। মৃত কিশোরীর নাম পারমিতা মন্ডল (১৭)। রাজাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

জানাগেছে, পারমিতার মায়ের চিকিৎসার জন্য মা বাবা বর্তমানে ভেলোরে আছে। বাড়িতে পারমিতা ছাড়াও তার দিদি ও ভাই আছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে পারমিতার দিদি সুস্মিতা মন্ডল কাজে বেরিয়ে যাবার পর পারমিতা ও তার ছোট ভাই বাড়িতে ছিল। বিকালে ছোট ভাই বাইরে খেলার সময় পারমিতা নিজের দোতলার ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়। পরে সন্ধ্যায় সুস্মিতা মন্ডল বাড়ি ফিরে বিষয়টি জানতে পারে এবং পুলিশে খবর দিলে রাজাপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

সুস্মিতা মন্ডল জানান, পারমিতা উলুবেড়িয়ার একটি ইউটিউব চ্যানেলে অভিনয় করলেও গত ৬ মাস সে অভিনয় করছিল না। তিনি জানান, শনিবার ভোরবেলা কাজে বের হওয়ার সময় পারমিতাকে তিনি ডেকে দিয়ে গিয়েছিলেন। পরে বিকেলে বাড়িতে ফিরে এই মর্মান্তিক ঘটনাটি জানতে পারে।

অন্যদিকে ভেলোরে থাকা পারমিতার বাবা তমাল কৃষ্ণ মন্ডল মেয়ের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে কেঁদেই চলেছেন। তিনি জানান, অত্যন্ত মেধাবী পারমিতা অভিনয় করতে ভালোবাসত। তিনি জানান, কিছুদিন ধরেই লক্ষ্য করছিলেন মেয়ে একটু উদাসীন থাকছে। কিন্তু তার মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করতে পারেননি। তিনি কখনো বিশ্বাস করতে পারছেন না পারমিতা এই কাজ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *