জামবনিতে উচ্চ মাধ্যমিক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৬ জুলাই: সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ ছাত্রের পরিবার এবং পাড়া প্রতিবেশী। ঘটনা ঝাড়গ্ৰাম জেলার জামবনী ব্লকের পিঁডরাপাল গ্রামের। মৃত ছাত্রের নাম শিব মাহাত, বয়স ১৯ বছর।

জানা গেছে, শিব মাহাত রবিবার রাতে খাওয়ার পর সুস্থ অবস্থায় বিছানায় ঘুমোতে গিয়েছিল। কিন্তু রাত প্রায় ১২ টা নাগাদ বুকে ব্যাথা এবং গলায় জ্বালা অনুভব করে। তখন পরিবারের লোকজন প্রথমে স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারবাবু চিকিৎসা শুরুর সময় বলেন কিছুক্ষণ অপেক্ষা করুন অবস্থার উন্নতি না হলে বড় কোনও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। তখন পরিবারের লোকজন প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর কোনও উন্নতি না হওয়ায় অসুস্থ শিব মাহাতকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। গোপীবল্লভপুর হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে ডাক্তার পরিক্ষার জন্য রক্ত সংগ্রহ করার কিছুক্ষণের মধ্যেই মারা যায় শিব মাহাত। একজন তরতাজা যুবকের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার, আত্মীয় স্বজনরা এবং এলাকবাসী।

জানা গেছে, শিব এবছর উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছিলেন। গতকাল সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সে পাশের ডুলুং নদীতে মাছ ধরতে গিয়েছিল। পরিবারের লোকজনের দাবি, ঘুমোতে যাওয়ার আগে শিব পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু কিভাবে এই মৃত্যু তা নিয়ে সন্দিহান পরিবারের লোকজন। তবে সন্ধ্যায় মাছ ধরতে যাওয়ার সময় কোনও বিষাক্ত সাপ শিব মাহাতকে কেটেছিল কি না এ নিয়েও একটা প্রশ্ন রয়েছে সবার মনে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে গোপীবল্লভপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *