রাজেন রায়, কলকাতা, ২৬ জুলাই: ম্যাগাজিনের জন্য ফটোশুট করার নামে ছবি ও ভিডিও তুলে তা পর্ন ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছিল। রবিবারে সোদপুরের এই মডেলের অভিযোগে গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃত মহিলা-সহ দু’জনকে জেরা করে জানা গিয়েছে, সোদপুরের মডেলের ‘বোল্ড’ ফটোশুটের ছবি আপলোড হয়ে গিয়েছে ৮৪টি পর্ন সাইটে! যার মধ্যে রয়েছে প্রথম সারির বেশ কয়েকটি পর্ন সাইটও।
মহিলা জানান, সোশ্যাল মিডিয়ায় ক্যামেরাম্যান প্রতাপ ঘোষ এবং মেকআপ আর্টিস্ট জয়শ্রী মিত্রের সঙ্গে আলাপ হয়। গত ২০ মার্চ বিধাননগরের সেন্ট্রাল পার্কে ম্যাগাজিনের জন্য ফটোশুট করান। এরপর গেস্ট হাউসে ফটোশুট হয়। সেই সময় তাঁকে নেশার দ্রব্য মেশানো ঠান্ডা পানীয় পান করানো হয় বলেও অভিযোগ। এরপর মে মাসে সোদপুরের মডেল জানতে পারেন তাঁর ‘বোল্ড’ ছবি একাধিক সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
তখন ওই মহিলার পুনরায় যোগাযোগ করলে
মেকআপ আর্টিস্টের ওই দু’জন তাঁকে পালটা ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ। ৩ লক্ষ টাকা দাবি করা হয়। এরপরই মহিলা বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হন। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তবে তার আগেই যা বিপত্তি ঘটার ঘটে গিয়েছে। এখন পর্ন সাইট থেকে ছবিগুলো মুছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

