BJP, Gopalnagar, গোপালনগরে কিশোরীর অস্বাভাবিক মৃ*ত্যু, শোকসন্তপ্ত পরিবারের পাশে বিধায়ক স্বপন মজুমদারের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুন: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে ১৩ বছর ১০ মাস বয়সী এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার ময়নাতদন্তের পর কিশোরীর দেহ বাড়িতে পৌঁছালে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সেখানে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের অভিযোগ, গোপীনাথপুর গ্রামের বাসিন্দা অজমির মণ্ডলের সঙ্গে মৃত কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে গেলেও অভিযুক্ত পুনরায় সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করত এবং হুমকি দিত বলে অভিযোগ। পরিবারের আরও দাবি, দুই তরুণীও অভিযুক্তকে সহযোগিতা করত এবং কিশোরীকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যেত। এই ঘটনাগুলির জেরে কিশোরী দীর্ঘদিন ধরে মানসিক চাপে ও আতঙ্কে ছিল বলে দাবি পরিবারের।

পরিবার সূত্রে আরও জানা যায়, গত ২৬ জুন দুপুর প্রায় ১টা নাগাদ বাড়ির ভিতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁকে দ্রুত বনগাঁর ডা: জে আর ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪০ নাগাদ তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার মা সরমা রায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানায় মামলা নং ৩৯৭/২৬ (তারিখ: ২৭ জুন ২০২৬) ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১০৮ ধারায় রুজু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিধায়ক স্বপন মজুমদার বলেন, “এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।”

পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *