সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জুন: চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার
অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তৃণমূলের দাপুটে নেতা ভাইজান আলি মণ্ডলকে।
পুলিশ সূত্রে জানাগেছে ধৃতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়া- সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে ভাইজান ওন্দা ব্লকের চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য। গতকাল রাতে তাকে গ্রেফতার করে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ওন্দা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট প্রভাব ছিল ভাইজানের। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে এক জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
এই অভিযোগকারী জানিয়েছেন, তৃণমূল নেতার দাবি মতো টাকা দিয়েছেন তিনি। কিন্তু চাকরি আর হয়নি, টাকাও ফেরত দেননি তৃণমূল নেতা। এমনকি টাকা ফেরৎ চাইলে ভাইজান প্রথমে টালবাহানা শুরু করেন এমনকি নানা হুমকি দিতে থাকেন। তখন ভয়ে থানায় অভিযোগ করেননি বলে জানিয়েছেন অভিযোগকারী। রাজ্যে সরকার বদলের পর সম্প্রতি ওন্দা থানায় তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ জানান ওই চাকরিপ্রত্যাশী।
তদন্তে নেমে শনিবার রাতে ওন্দা থানার পুলিশ ভাইজানকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, হুমকি দেওয়া-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। এনিয়ে মুখ খুলতে চাননি ধৃত তৃণমূল নেতা।

