BJP, Bankura, সরকারি জমিতে বেআইনি নির্মান চলবে না, ভেঙ্গে ফেলার হুঁশিয়ারি বাঁকুড়ার বিধায়কের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ জুন: সরকারি জমি দখল করে ক্লাব, পার্টি অফিস ও দোকান আর মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এইসব বেআইনি ক্লাব ও দোকান ভেঙ্গে ফেলা হবে।রবিবার এই রকমই হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ায় বিধায়ক নীলাদ্রি শেখর দানা।

সরকারি জমি দখল করে গড়ে ওঠা বেআইনি ক্লাব এবং দোকান- পাটের বিরুদ্ধে এবার রণংদেহী মেজাজে অবতীর্ণ হলেন বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আজ বাঁকুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চার্চ মোড় থেকে স্কুলডাঙ্গা যাওয়ার রাস্তায় এক আকস্মিক পরিদর্শন করেন বিধায়ক। সেখানে গিয়ে রাস্তার ধারের সরকারি জায়গা দখল করে তৈরি একটি ক্লাবের বেআইনি নির্মাণ ও তার আড়ালে চলা একাধিক দোকানপাট দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাক্তন শাসক দলের মদতেই সম্পূর্ণ অবৈধভাবে ও ক্ষমতার অপব্যবহার করে এই ক্লাবটি গড়ে তোলা হয়েছিল। শুধু ক্লাবই নয়, সরকারি জমি দখল করে সেখানে একাধিক দোকানও চালানো হচ্ছিল, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা তৈরি হচ্ছিল। আজ এলাকা পরিদর্শন করে বিধায়ক নীলাদ্রি শেখর দানা সাফ জানিয়ে দেন, সাধারণ মানুষের জায়গা দখল করে কোনও দাদাগিরি বরদাস্ত করা হবে না। এই বিষয়ে তিনি অত্যন্ত কড়া মনোভাব নিয়ে সরাসরি বাঁকুড়ার জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অবৈধ ক্লাব ঘর এবং সমস্ত দখলীকৃত দোকান- পাট ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর বিধায়ক বলেন, “প্রাক্তন সরকারের মদতে যারা সরকারি সম্পত্তি দখল করে নিজেদের পকেট ভরাচ্ছিল, তাদের দিন শেষ। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা এভাবে অবরুদ্ধ করে বেআইনি নির্মাণ কোনও ভাবেই সহ্য করা হবে না। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে পরবর্তী পদক্ষেপ করা হবে।”

বিধায়কের এই কড়া পদক্ষেপের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *