BJP, TMC, Rampurhat, বিজেপির মন কী বাত অনুষ্ঠানে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুসরভার চেয়ারম্যান

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৮ জুন: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ এবং সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপির জেলা সভাপতি, জেলা ও শহর নেতৃত্বের সঙ্গে এক আসনে তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত। এই ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির ভরা অনুষ্ঠানে গেরুয়া উত্তরীয় গলায় জড়িয়ে সহাস্য পুরসভার তৃণমূল চেয়ারম্যানের উপস্থিতি শহর জুড়ে গুঞ্জনের সৃষ্টি করেছে। যদিও অনুষ্ঠানের অন্যতম কর্মকর্তা বিজেপির জেলা সহ সভাপতি শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা কোনো দলের অনুষ্ঠান ছিল না।

মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ অনুষ্ঠান সম্প্রচার করছে আকাশবানী। একই সঙ্গে বিজেপির সম্বর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতদিন মন কী বাত অনুষ্ঠানে শুধুমাত্র বিজেপির কর্মী ও কার্জকর্তাদের দেখা যেত। সরকার পরিবর্তন হতেই সেই সেই ধারাবাহিকতায় ছেদ পড়তে শুরু করেছে। রবিবার রামপুরহাট পুরসভার অনুষ্ঠান ভবনে ৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়, জেলা সহ সভাপতি স্বরূপ রতন সিনহা, শহর সভাপতি অর্পণ নাগ, তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত। বেলা ১১টা থেকে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রথম সারিতে বিজেপি নেতাদের পাশে বসেছিলেন পুরসভার চেয়ারম্যান তৃণমূলের সৌমেন ভকত।

শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা সরকারি অনুষ্ঠান। ৬ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি এসে মন কী বাত অনুষ্ঠান শোনেন”। শ্রাবস্তী বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠানের কথা বললেও অনুষ্ঠানের ব্যানার বলছে অন্যকথা। সেখানে বিজেপির প্রতীক দেওয়া ফ্লেক্সে লেখা রয়েছে সম্বর্ধনা অনুষ্ঠান। ফ্লেক্সে রয়েছে বিজেপি নেতা- নেত্রীদের ছবি।

স্বরূপ রতন সিনহা বলেন, “বিজেপির ৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অখিল ভারতীয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানানো হয়। বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যানকে সম্বর্ধনা জানানো হয়।”

অর্পণ নাগ বলেন, “কিভাবে চেয়ারম্যান উপস্থিত ছিলেন বলতে পারব না। আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।”

চেয়ারম্যান সৌমেন ভকত বলেন, “সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি গিয়েছিলাম। অনুষ্ঠানের আয়োজকরা আমাকে সম্বর্ধনা দিয়েছে। এর বাইরে কিছু বলব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *