উলুবেড়িয়া হাট বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের, শুরু নজরদারি

আমাদের ভারত, হাওড়া, ৭ জানুয়ারি: উলুবেড়িয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় উলুবেড়িয়া শহরে শনিবার বসা সাপ্তাহিক হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর সেই সিদ্ধান্ত কার্যকর করতে শুক্রবার বিকেল থেকেই হাটে নজরদারি শুরু করল উলুবেড়িয়া পুরসভা এবং পুলিশ প্রশাসন। এদিন হাটের এলাকা পরিদর্শন করার পাশাপাশি বিকেলেই হাটে চলে আসা কয়েকজন ব্যাবসায়ীকে বাড়ি ফেরৎ পাঠানো হয়।

গত কয়েকদিন ধরে উলুবেড়িয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার পুরসভা এলাকায় ৪৬ জন করোনা আক্রান্ত থাকলেও শুক্রবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬। আর করোনা সংক্রমণের এই ঊর্ধ্বমুখী গ্রাফ আটকাতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতন করা শুরু হয়েছে। পাশাপাশি আগামী দুটি শনিবার শহরের হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে শনিবার হাট বসলেও শুক্রবার বিকেলে অনেক ব্যাবসায়ী হাটে চলে আসায় এদিন বিকালে তাদের সচেতন করতে পথে নামে পুরসভা ও পুলিশ প্রশাসন। এদিন উলুবেড়িয়া পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, ভাইস চেয়ারপার্সন সুরজিৎ দাস, প্রশাসক বোর্ডের দুই সদস্য ইনামুর রহমান, আকবর শেখ এবং উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা হাটে গিয়ে ব্যাবসায়ীদের শনিবার হাট বন্ধ থাকার বিষয়টি নিয়ে সতর্ক করেন।

পুরসভার মুখ্য প্রশাসক অভয় দাস জানান, যেহেতু হাওড়া ছাড়াও অন্যান্য জেলা থেকেও ব্যাবসায়ীরা হাটে আসে সেই কারণে আগে থেকেই তাদের সতর্ক করার উদ্দ্যেশে শুক্রবার বিকেলে হাটে আসা হয়েছে। তিনি জানান, হাটে যাতে কোনো ব্যাবসায়ী বসতে না পারে সেই লক্ষ্যে শনিবার ভোররাত থেকেই পুলিশ নজরদারি চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *