পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ জানুয়ারি: করোনার তৃতীয় টেউয়ের প্রভাব এবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও। আক্রান্ত চিকিৎসক থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার। মোট ১২ জন স্বাস্থ্য কর্মীও ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে। আক্রান্ত রয়েছেন ৪ জন ডেপুটি ম্যাজিস্ট্রেটও। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই রিতিমতো আলোড়ন পড়েছে পুরো দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হলেও জেলার স্বাস্থ্য পরিষেবা কোনও অংশেই ব্যাহত হবে না বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেও কমবেশি স্বাস্থ্য কর্মীদের আক্রান্ত হবার খবর সামনে এসেছে। যে তালিকা থেকে বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও। গত ৩ দিনে দক্ষিণ দিনাজপুর জেলাতে গড়ে আক্রান্তের সংখ্যা প্রায় অনেকটাই বেড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর অনুয়ায়ী, এই ঘটনায় এক চিকিৎসক সহ মোট ১২ জন স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। সস্ত্রীক পুলিশ সুপার রাহুল দে নিজেও আক্রান্ত হয়েছেন করোনাতে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রের খবর। একই সঙ্গে জেলার ৪ জন ডেপুটি ম্যাজিস্ট্রেটও আক্রান্ত হয়েছেন করোনায়। জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রের আরো খবর অনুযায়ী, জেলার কোভিড হাসপাতাল বালুরঘাটে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। বাকি আক্রান্ত অধিকাংশ ব্যক্তিরাই হোম আইসোলেশনে থেকেই তাদের চিকিৎসা চালাচ্ছেন। যদিও প্রশাসনের তরফে ইতিমধ্যেই শহরের ৫ টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও শহর জুড়ে বাড়ানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনামূলক নানা প্রচারাভিযান। চলছে মাস্ক পরানোর জন্য পুলিশের ধরপাকড় অভিযান।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুকুমার দে জানান, সবরকমের পরিস্থিতি মোকাবিকার জন্য প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হলেও সেই সংখ্যাটা তুলনামূলক কম রয়েছে জেলাতে। ফলে এই পরিষেবায় কোনো ব্যাঘাত ঘটবে না।

