আমাদের ভারত, ৭ জানুয়ারি: শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মেলা পরিচালনা সার্বিকভাবে শর্ত মানা হচ্ছে কিনা তার নজরদারির জন্য কমিটি গঠন করে দিয়েছে আদালত। কিন্তু হাইকোর্টের এই রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিজেপির সভাপতির কথায়, আদালতের রায় মানতে হবে। আমরা মেনে চলবো। এই রায় শীর্ষ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আমার বিশ্বাস। আমি আশা করছি কমিটির মাধ্যমে নিয়মকানুন মেনে মেলা হবে। কমিটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে এবং এমন কিছু নিয়মকানুন তৈরি করে মেলা হবে যার মাধ্যমে মানুষের সংক্রমনের চান্সেস সবচেয়ে কম হবে।” তাঁর মতে ৫ লক্ষ মানুষকে এই মুহূর্তে ইনফেকশন ফ্রি করে মেলায় নিয়ে যাওয়া যথেষ্ট কঠিন কাজ। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়বে।”
এদিকে দিলীপ ঘোষ বলেছেন, সব ধরনের মেলাই এই মুহূর্তে বন্ধ করা উচিত। আদালত বলার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে কুম্ভ মেলা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই মেলাও যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু মানুষকে বোঝানো হয়েছে। এখানেও মানুষকে বোঝানো দরকার। সবাইকে দায়িত্ব নিয়ে মানুষকে বোঝাতে হবে।
শুক্রবার হাইকোর্টের তরফে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও বেশ কিছু বিধিনিষেধ মেনে তা করতে হবে। বেশকিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মূলত তিন সদস্যের একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে এই রায়ে। এই কমিটিতে থাকবেন মুখ্যসচিব, বিরোধী দলনেতা এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অথবা তার একজন প্রতিনিধি। এই তিনজনের কমিটি সম্পূর্ণ বিষয়ে নজরদারি করবেন এবং কোথাও কোনওরকম সমস্যা তৈরি হলে তা চিহ্নিত করবেন। গঙ্গাসাগর মেলা করার ক্ষেত্রে সরকার যে প্রক্রিয়া অবলম্বনের কথা জানিয়েছে এবং যে পরিকাঠামো সাজিয়েছে সেই বিষয়গুলি ঠিক আছে কিনা এবং তাতে কোনো ফাঁকা আছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি।
এছাড়াও সাগরদ্বীপকে ২৪ ঘন্টার মধ্যে নোটিফাইড এলাকা ঘোষণা করতে বলা হয়েছে। মেলা শুরুর আগে সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে স্বরাষ্ট্র সচিবকে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে পুলিশকে জানাতে হবে যারা মেলায় আসছেন তাদের যথাযথ কোভিডবিধি মেনে চলতে হবে ও সমস্ত কোভিড বিধির কথা উল্লেখ করতে হবে বিজ্ঞাপনে। এছাড়া আরও বেশ কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে নির্দেশে।
তবে মেলা শুরুর আগে করোনা থাবা বসিয়েছে। বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে আরটিপিসিআর টেস্টে ৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এই ক্যাম্প থেকেই পুন্যার্থীরা গঙ্গাসাগরের উদ্দ্যেশ্যে রওনা দেন।

