আমাদের ভারত, মালদা, ২৭ নভেম্বর: ব্রাউন সুগার পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়লো দুই যুবক। ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। শুক্রবার রাতে মানিকচকের রাজ্য সড়কের ধারে পাওয়ার হাউস মোড় এলাকায় থেকে ওই দুই যুবককে পাকড়াও করে পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতরা হলেন আরমান শেখ, মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। অপর ধৃত শেখ শফিউল, মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচার করার উদ্দেশ্যে এই ব্রাউন সুগার নিয়ে ধৃতরা দাঁড়িয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

