আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ২৭ নভেম্বর: বৈধ কাগজ না থাকায় পাঁচটি গাড়ি থেকে ৬৫ টি গরু আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চারজন গাড়ির চালককে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল।
শনিবার ভোরে জাতীয় সড়কে টহল দেওয়ার সময় পাঁচটি গাড়িতে গরু নিয়ে যেতে দেখে পুলিশ। সন্দেহ হওয়ায় রামপুরহাট থানার পুলিশ জেন্দুর গ্রামের কাছে গরু ভর্তি গাড়িগুলিকে আটক করে। বৈধ কাগজ দেখাতে না পারায় গরু গুলি আটক করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গরুগুলি ঝাড়খণ্ডের দিক থেকে রামপুরহাটের দিকে নিয়ে আসা হচ্ছিল। সেগুলি নলহাটির পশু হাটে হাতবদল হয়ে পাচার করা হতো। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় পাচারকারীরা। তবে পুলিশি তল্লাশি চলাকালীন বেশ কয়েকজন পাচারকারী পালিয়ে যায়।

