১৬ দফা দাবিতে মালদায় ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আশা কর্মীদের

আমাদের ভারত, মালদা, ২৭ নভেম্বর: মালদায় আশা কর্মীরা চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায়। বেতনে বিলম্ব ও একাধিক ভাতা না পাওয়ায় ক্ষুদ্ধ হয়ে ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। প্রায় ১ ঘন্টা বিক্ষোভ চলার পর ১৬ দাফা দাবি পত্র চাঁচল-১ ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের কাছে তুলে দেন তারা।

মূলত, করোনা মহামারীতে দীর্ঘ দুবছর ধরে ডাক্তার নার্স ও পুলিশ কর্মীদের পাশাপাশি আশা কর্মীরাও সামনের সারিতে থেকে কাজ করছেন। করোনা রোগীকে হাসপাতালে পৌঁছানো থেকে শুরু করে করোনা প্রতিষেধক সবেতেই আশা কর্মীরা কাজ করছেন। এমনকি প্রসূতি মহিলাদের দিনরাত হাসপাতালে আনার কর্তব‍্যও তারা পালন করে চলেছে। কিন্তু দীর্ঘ পাঁচ মাস ধরে তারা একাধিক ভাতা থেকে বঞ্চিত। পাশাপাশি তাদের উপর কোনও নির্দেশ ছাড়াই অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তাই ক্ষুদ্ধ হয়ে শনিবার দুপুরে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন আশা কর্মীরা।
মূলত তাদের দাবি, বোনাস দিতে হবে। তার সাথে যাতায়াতের জন‍্য দিতে হবে সাইকেল ও যোগাযোগের জন‍্য মোবাইল ফোন। আশা কর্মীদের উপযুক্ত মর্যাদা ও সাপ্তাহিক সরকারি ছুটি সহ মোট ১৬ দফা দাবির ভিত্তিতে একটি স্মারক লিপি তুলে দেন তারা।

মালদা জেলা আশাকর্মী কমিটির সম্পাদক মেহেবুবা খাতুন জানান, মহামারি, ঝড়, বৃষ্টি সর্বত্রই আমরা সামনের সারিতে থেকে কাজ করি। তবে উপযুক্ত বেতন ও একাধিক ভাতা থেকে আমরা বঞ্চিত। এনিয়ে কোনও ব‍্যবস্থা গ্রহণ করছে না স্বাস্থ‍্য দফতর। তাই বাধ‍্য হয়ে বিক্ষোভের পথে নেমেছি। দাবি পূরণ না হলে আগামীতে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আশাকর্মীদের স্মারক জমা নিয়ে চাঁচল-১ ব্লক স্বাস্থ‍্য আধিকারিক জানান, দাবি দাওয়ার ভিত্তি একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি স্বাস্থ‍্যভবনে পাঠাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *