সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২২ মে: আদ্রার রেল ইয়ার্ডে গুলি কান্ডের তদন্তে নেমে দুই জনকে গ্রেফতার করল আদ্রা থানার পুলিশ। ধৃতরা হল রাঁচির বাসিন্দা বিনয় সিং ওরফে বিট্টু নেপালি ও কলকাতার দমদমের বাসিন্দা রোশন ঠাকুর। এদের মধ্যে বিনয় রেল ইয়ার্ডে এসে গুলি চালিয়েছিল বলে জানাচ্ছে পুলিশ। আর রোশন রেলের ছাঁট লোহার ব্যবসায়ী। সেও ওই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে।

পুলিশের দাবি, রোশনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিলো। তারপরে তাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। আর বিনয়কে আদ্রা থানার পুলিশের একটি দল শনিবার গভীর রাতে রাঁচী থেকে গ্রেফতার করেছে।রবিবার দু’জনকে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক দুই জনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের আদ্রা রেল ইয়ার্ডে সবসময়ই পরিত্যক্ত রেলের কামরা রাখা থাকে। সেই কামরাগুলি কেটে বিক্রি করা হয়। তবে এর জন্য টেন্ডার হয়। এবার টেন্ডার পেয়েছেন রামেশ্বর সিং নামে জনৈক। বর্তমানে তার শ্রমিকরা রেল ইয়ার্ডে কাজ করছিল। ১৬ মে সেখানে কাজ চলাকালীনই ঘটে হামলার ঘটনা। ওই দিন বাইকে করে মোট ৪ জন যুবক ইয়ার্ডে যায়। সেখানে কর্মরত শ্রমিকদের কাছে আততায়ীরা প্রথমে রামেশ্বরের খোঁজ করে। এরপরই শ্রমিকদের মোবাইল ও টাকা লুঠ করে দুষ্কৃতীরা। অভিযোগ, এরপর শ্রমিকদের হাতে রামেশ্বরকে দেওয়ার জন্য একটি চিঠি দেয় তারা। তারপর এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। ওই শুটআউটের ঘটনায় জখম হন দুই শ্রমিক।


