ভেজাল মেশানোর অভিযোগ, কালিয়াগঞ্জে সরষের তেলের মিলে পুলিশকে নিয়ে অভিযান জেলা খাদ্য দফতর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মে: একটা সময় খাঁটি সরষের তেলের জন্য বেশ সুনাম ছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের। প্রায় ৪ দশক আগে গড়ে উঠেছিল একের পর এক সরষের তেলের কারখানা ও মিল। দিন রাত সেই মিলগুলিতে কাজ হত। রান্নায় ঝাঁঝ এনে দেওয়া সেই সরেষের তেল রপ্তানী হত রাজ্য ও রাজ্যের বাইরেও। কিন্তু অধিক মুনাফা লাভের আশায় সরষে তেলে ভেজাল তেল মেশানোয় সেই সুনাম নষ্ট হয়েছে অনেক দিন আগেই। মাঝে মধ্যেই তেল মিল গুলিতে চলে পুলিশের অভিযান। কিন্তু তা সত্ত্বেও সেই ভেজাল তেলের ব্যবসা বন্ধ হয়নি।

এবার এমনই অভিযোগ পেয়ে শনিবার বিকেলে কালিয়াগঞ্জের শিমূলতলা এলাকার একটি তেল মিলে পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালালো উত্তর দিনাজপুর জেলা খাদ্য দফতর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মিল থেকে প্রায় ২৫০ টিন তেল, তেল তৈরির সরঞ্জাম, লেবেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেলা খাদ্য দফতর ও এনফোর্সমেন্ট ব্রাঞ্জের অধিকারিকরা ওই অভিযান সম্পর্কে ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি।

অসাধু ব্যবসায়ীদের তেলের ভেজাল কারবারে শিকেয় উঠেছে কালিয়াগঞ্জের সুনাম। তবে কালিয়াগঞ্জ অয়েল মিল অ্যাসোসিয়েশন সম্পাদক বিনোদ লোহিয়া বলেন, ভেজাল তেলের কারবারের বিরুদ্ধে তারা সাংগঠনিকভাবে বিরোধিতা করে এলেও তা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি৷ উল্লেখ্য, ভেজাল তেল পেটে গেলে নানান জটিল অসুখবিসুখ বাসা বাঁধে শরীরে। ফলে ভেজাল তেলের কারবার রুখতে মিল গুলিতে নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান এলাকার লোকজনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *