সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ মে: প্রখর গ্ৰীষ্মে রক্তের চাহিদার তুলনায় যোগান কমে যায়। যার ফলে থ্যালাসেমিয়া শিশু থেকে মুমূর্ষু রোগীরা সমস্যায় পড়েন। চরম সঙ্কট সৃষ্টি হয় চিকিৎসা ক্ষেত্রে। এই সমস্যা দূর করতে জেলা পুলিশ প্রশাসন উৎসর্গ নামে ধারাবাহিক রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পে আজ বাঁকুড়া সদর থানা সহ জেলার চারটি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

বাঁকুড়া সদর থানায় আয়োজিত শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার বিবেক ভার্মা। এছাড়াও পৌরপ্রধান অলকাসেন মজুমদার, ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা সহ পদস্থ পুলিশ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। এদিন সাতজন মহিলা সহ ১১৬ জন রক্ত দান করেন। এছাড়াও উৎসর্গ প্রকল্পে মেজিয়া, বেলিয়াতোড় ও ইন্দপুর থানাতেও অনুরূপ শিবিরের আয়োজন করা হয়। ইন্দপুর থানায় রক্তদাতাদের উৎসাহিত করতে ব্লক উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ মোট ৪৫৩ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।


