স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ মে: শক্তিনগর জেলা হাসপাতালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধা। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সূত্রের খবর, কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয়েছিলেন একজন বৃদ্ধা। শনিবার বিকেল তিনটের সময় শক্তিনগর জেলা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের ৫ নম্বর বেডে ওই বৃদ্ধা ভর্তি ছিলেন। হঠাৎই সকালে ওই ৬০ বছরের বৃদ্ধা শৌচালয়ে গিয়ে গলায় দড়ি দেয়। এই ঘটনা প্রথমেই নজরে আসে জেলা হাসপাতালে থাকা মুমূর্ষু রোগীদের। তারা যখন সকালে শৌচালয়ে যায় সেই সময় নজরে আসে এই ঘটনাটি। মৃত বৃদ্ধের নাম ভানুমতী সরকার বয়স আনুমানিক ৬০ বছর। বাড়ি হাঁসখালি থানার হেমায়েতপুরে। রোগী মৃত্যুর ঘটনা ঘিরে শক্তিনগর জেলা হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে হাসপাতালে দায়িত্বে থাকা সমস্ত কর্মচারীর বিরুদ্ধে। জেলা হাসপাতালে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকার পরও কিভাবে একজন রোগী এত বড় ঘটনা ঘটাতে পারে? তা নিয়ে উঠছে প্রশ্ন। কেনই বা দীর্ঘক্ষণ হাসপাতাল কর্মীদের নজরে আসলো না? রোগী ভর্তি ছিলেন সেই সময় কর্তব্যরত চিকিৎসক ডঃ কৌশিক ভট্টাচার্যের দায়িত্বে।

হাসপাতাল সূত্রে খবর, দুপুর তিনটের সময় রোগীকে ভর্তি করে দেওয়ার পর বাড়ির লোক নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে রোগীর পরিবারের সঙ্গে হাসপাতালের তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
হাসপাতালে ভর্তি করে দিয়ে রোগীকে ফেলে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাড়ির আত্মীয় পরিজন ও পরিবারের বিরুদ্ধে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা নিয়ে তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

