সাথী দাস, পুরুলিয়া, ১ জুন: ‘কওন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শো-এর নাম করে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। মঙ্গলবার বেলঘরিয়া থানা এলাকা থেকে ওই ২ প্রতারককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম বছর আঠাশের শুভম কুমার ও অন্য জন চব্বিশ বছর বয়সী সুমন্ত কুমার সিংহ। তাদের এক জনের বাড়ি বিহারের পাটনায় ও অন্যজনের বাড়ি ঝাড়খন্ডের ধানবাদ জেলার কাতরাসে।

অভিযোগ, পুরুলিয়ার মানবাজার থানা এলাকার বাসিন্দা সুচিত্রা হালদার নামে এক মহিলাকে ‘কওন বানেগা ক্রোড়পতি’ র অনুষ্ঠানে মনোনীত হওয়ার কথা জানায় দুই প্রতারক। তারপর সেই মহিলার কাছ থেকে রেজিস্ট্রেশন সহ নানা অজুহাতে দফায় দফায় ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয় প্রতারকরা। তারপর আর কোনো রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করার জন্য ডাক না পাওয়ায় ওই মহিলা ওই দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেননি। ওই মহিলা বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।

এরপর তিনি গত মাসের ৩০ তারিখ পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। যে হোয়াটস অ্যাপের মাধ্যেমে এই প্রতারণা করা হয়েছে সেই মোবাইল নম্বর ধরে প্রতারকদের সন্ধান পায় পুলিশ। মঙ্গলবার বেলঘরিয়া থানা এলাকা থেকে ওই ২ প্রতারককে গ্রেফতার করা হয়। আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। তিন দিনের পুলিশ হেফাজত হয় তাদের।

