“এই মুহূর্তে বিজেপির যা অবস্থা কয়েকদিন বাদে আর দলটাই থাকবে না”, চাকদহে বললেন তৃণমূল বিধায়ক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জুন: গঙ্গার ভাঙ্গনের মত অবস্থা হয়েছে বিজেপির। কদিন বাদে এই দলটাই আর থাকে কিনা এটাই সন্দেহের বিষয়। আইএনটিটিইউসির হাজারো শ্রমিকের রক্তদান কর্মসূচিতে যোগদান করে বিজেপিকে এভাবেই কটাক্ষ করলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

বুধবার নদিয়ার চাকদার টাউন আইএনটিটিইউসির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদিয়া দক্ষিণের তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর। বুধবার সকাল থেকেই আইএনটিটিইউসি উদ্যোগে এই রক্তদান শিবিরে আইএনটিটিইউসির শ্রমিক সংগঠনের একাধিক শ্রমিক রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করল শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। একের পর এক বিজেপিতে ভাঙ্গন নিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, গঙ্গা ভাঙ্গনের মতো অবস্থা হয়েছে বিজেপির। আর কয়েকদিন বাদে দলটা আর থাকে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। দেখতেই পারছেন কিভাবে বিজেপির একের পর এক হেভিওয়েট নেতারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের জন্য লাইন দিয়েছেন, তারমধ্যে শান্তিপুরের অনেক বড় বিজেপি নেতাও রয়েছেন। আসলে মানুষ উন্নয়নের পথে থাকতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট বড় আশ্রয়স্থল, যে আশ্রয়স্থলে আসতে চায় সে আসতে পারে। গোটা নদিয়া জেলাজুড়ে যেভাবে বিজেপির ভাঙ্গন শুরু হয়েছে একই ভাঙ্গন আর কয়েকদিন পরে শান্তিপুরেও হবে।

তবে বিধায়কের অগ্নি বাণে এটাই কি পরিষ্কার হতে চলেছে, যে আগামী দিনে তৃণমূলে যোগদান করতে চলেছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *