স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ মে: পরিবেশ রক্ষার বার্তাকে সামনে রেখে সাইকেল ভ্রমনে বেড়িয়েছেন দুই যুবক। একজন ঝাড়গ্রামের বাসিন্দা মনীষ তালধী। অপরজন হুগলীর বাসিন্দা সুশান্ত কর।

ভাষা, নদী ও অরণ্যকে রক্ষার বার্তা ছড়িয়ে দিতে রাস্তায় নেমেছে ঝাড়গ্রামের মনীষ। অপরদিকে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে হুগলী জেলা থেকে সিকিমের পথে যাত্রা শুরু করেছে।
উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের শ্যামসুন্দরপুরের বাসিন্দা মণীষ তালধী ঘর ছেড়ে সাইকেলে চেপে রাজ্য ভ্রমনে বেড়িয়েছেন। উদ্দেশ্য, নদী, অরণ্য ও ভাষা সংরক্ষণ। তিনি জানিয়েছেন, গত ২৫ বৈশাখ তিনি এই সাইকেল নিয়ে ভ্রমন শুরু করেছে মণীষ। একের পর এক গ্রাম-শহর পেরিয়ে ২১ তম দিনে মণীষ এসে পৌছায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, জলাশয় ভরাট ও বৃক্ষছেদনের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছেন। সেই সঙ্গে নিজ নিজ আঞ্চলিক ভাষা সংরক্ষণের বিষয়েও বার্তা দেন তিনি। তুলে ধরেন থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতামূলক বার্তাও। শহরাঞ্চলের মানুষকে এ বিষয়ে আরও বেশি করে সচেতন হওয়ার জন্য আবেদন জানান তিনি।

অপরদিকে, জল এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে সাইকেলে চেপে ভারত ভ্রমণে বেরিয়েছেন হুগলি জেলার মহানাদ গ্রামের বাসিন্দা তথা ব্যবসায়ী সুশান্ত কর। হুগলি থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় এসে পৌঁছান তিনি। হুগলি থেকে তার গন্তব্য ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত সিকিমের গুরুদংমার লেক। সুদীর্ঘ এই পথ পাড়ি দিতে তার সঙ্গী একটি সাইকেল। যাত্রাপথে এরাজ্যের সমস্ত শহর এবং গ্রামের বাসিন্দাদের জল ও পরিবেশ সংরক্ষণের জন্য করণীয় বিষয়গুলি জানিয়েছেন তিনি। পথে মানুষের ভিড় দেখলেই যাত্রাপথের একমাত্র সঙ্গী তার সাইকেলকে দাঁড় করিয়ে মানুষের মধ্যে সবুজায়নের বার্তাও দিয়ে চলেছেন সুশান্ত। রবিবার ডালখোলা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সুশান্ত কর। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

