বৈচিত্র‍্যই দেশকে একতায় বেঁধে রেখেছে! ভাষা বিতর্কের মাঝেই “মন কি বাত” অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় জোর মোদীর

আমাদের ভারত, ২৯ মে: ভাষা বিতর্কে সরগরম হয়ে রয়েছে দেশ। বেশ কিছুদিন আগেই নতুন করে হিন্দিকে দেশের প্রধান ভাষা করার পক্ষে সওয়াল করেছেন অমিত শাহ। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের “মন কি বাত” অনুষ্ঠানে আঞ্চলিক ভাষাকে জোর দেওয়ার কথা বললেন। আজ তাঁর কথায় উঠে এসে পুরুলিয়ার অধ্যাপক শ্রীপতি টুডুর কথা।

মন কি বাত অনুষ্ঠানে দেশের বৈচিত্র‍্য নিয়েও কথা বলেন মোদী। এই প্রসঙ্গেই তিনি তুলে আনেন আঞ্চলিক ভাষার বিষয়টি। তাঁর কথায় আমাদের দেশে ভাষা উপভাষা ও লিপির বিপুল গুপ্তধন রয়েছে। বিভিন্ন অঞ্চলের নানা পোশাক খাদ্য-সংস্কৃতির সমাহারই আমাদের পরিচয়। এই বৈচিত্র‍্যই আমাদের দেশকে শক্তিশালী করে তুলেছে এবং একতায় বেঁধে রেখেছে। আর এক্ষেত্রেই ভাষা প্রসঙ্গে উল্লেখ করে শ্রীপতি টুডুর কথা বলেন মোদী। তিনি সাঁওতালিদের জন্য অলচিকি ভাষাতে দেশের সংবিধান অনুবাদ করেছেন।

প্রধানমন্ত্রী ভাষার প্রসঙ্গ তুলে বলেন, দেশে বহু মানুষ ভাষার বৈচিত্র্যকে আরও শক্তিশালী করতে নিয়মিত কাজ করে চলেছেন। মোদী অবশ্য এর আগেও আঞ্চলিক ভাষার উপর জোর দেওয়ার কথা বলেছেন। গত এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে নিজের ভাষণে তিনি এই কথা বলেন। সাম্প্রতিক সময়ে বারবার হিন্দি আগ্রাসনের অভিযোগ উঠেছে। তবে বিজেপির দাবি, হিন্দি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। আর আজ মন কি বাত অনুষ্ঠানে আবারও প্রধানমন্ত্রীর কথায় আঞ্চলিক ভাষার বৈচিত্র‍্যের কথাই উঠে এলো।

প্রতি মাসের শেষ রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আজকের অনুষ্ঠানে ভাষার প্রসঙ্গ ছাড়াও নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের কাছে তিনি আবেদন করেন, নিজের এলাকার যেসব মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর কাজ করছে তাদের সম্পর্কে খোঁজ রাখতে এবং সম্ভব হলে গোষ্ঠীগুলির তৈরি সামগ্রী ব্যবহার করতে। এই বিষয়ে তামিলনাড়ুর থাঞ্জাভুর গ্রামের এক মহিলার লড়াইয়ের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *