স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,২৯ মে:;রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপির বিধায়ক তথা বিজেপির রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি চ্যাটার্জি তাঁর বাড়িতে দলীয় কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান টিভিতে দেখছিলেন। এমন সময় অতর্কিত ভাবেই উপস্থিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ও অন্যান্য কর্মী-সমর্থকদের সঙ্গে মন কি বাত শোনেন। পরে সাংবাদিকদের বিভিন্ন নানান প্রশ্নের উত্তর দেন।
শুভেন্দু প্রসঙ্গে বলেন, মেদিনীপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিল, সেখানকার মানুষ কাটমানি, দুর্নীতি স্বজনপোষণ করা নেতাদের রেহাই দেয় না।
পানিহাটিতে পুলিশের সামনেই দুষ্কৃতীদের বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, দুষ্কৃতী এবং পুলিশ বর্তমানে আলাদা কিছু নয়। ধর্ষিতা মহিলা থানায় গিয়ে বিচারের অপেক্ষায় থাকে ঘন্টার পর ঘন্টা, পুলিশ ব্যস্ত থাকে তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে ভাগবাঁটোয়ারায়। আগে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পুলিশের কাছে যেত সাধারণ মানুষ আর এখন তাদের কাছেই সবচেয়ে বেশি আক্রান্ত এবং মিথ্যা মামলায় জড়িয়ে যেতে হয়। গত পঞ্চায়েত ভোটে, পুলিশ, দুষ্কৃতী এবং তৃণমূল নেতৃত্ব একসঙ্গে ভোট করেছে।
এসএসসি দুর্নীতি নিয়ে যাদবপুরে প্রতিবাদী বিজেপি নেতাদের সুয়োমোটো কেস দেওয়া হয়েছে, এর জবাবে দিলীপবাবু বলেন, তৃণমূলের রাজত্বে অন্যায় চলবে বিরোধিতা করলেই মিথ্যা মামলা। তিনি বলেন, বকখালিতে বন্যায় প্রতিবছর বাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হন গোটা গ্রামবাসি, তারা প্রতিবাদ করার কারণে দেড়শ জনকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর প্রস্তাব প্রসঙ্গে তাঁর অভিমত, দেশের একতা, পার্লামেন্ট, আইন আদালত এমনকি সংবিধান কোনও কিছুই মানে না তৃণমূল। তাদের একটাই উদ্দেশ্য ক্ষমতাকে কুক্ষিগত করে দুর্নীতির আখড়া গড়ে তোলা, যাতে কর্মী-সমর্থকরা করে খেতে পারে।

