চুঁচুড়ায় গঙ্গায় স্নান করতে নেমে জোয়ারের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই যুবকের

আমাদের ভারত, হুগলি, ১৮ জুলাই: গঙ্গায় স্নান করতে নেমে জোয়ারের জলে তলিয়ে গেল দুই যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার তুলাপট্টি গঙ্গা ঘাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে ছয়জন যুবক চুঁচুড়ার তুলোপুট্টি গঙ্গার ঘাটে স্নান করতে নামেন। পুলিশ জানিয়েছে, ওই ছয়জন যুবকের নাম হল, সুমিত রাজবংশী, বিজয় সরকার, জয় সরকার, বাবাই দে, শুভ মাল ও আকাশ সাহা। এদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ২৩ এর মধ্যে। সেই সময়ে গঙ্গায় জোয়ারের জলে ভেসে যায় তিন যুবক। একজনকে উদ্ধার করা গেলেও বাকি দুইজনকে উদ্ধার করা যায়নি। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও ওই দুই যুবকের হদিশ মেলেনি। এই ঘটনায় প্রশাসনের তরফে ডিজাস্টার ম্যানেজমেন্ট বোট দিয়েও তল্লাশি চালানো হয়। তবু ওই দুই যুবকের হদিশ মেলেনি বলে পুলিশ জানিয়েছে।

সোমবার সকালে চুঁচুড়া ও চন্দননগরের মাঝামাঝি গঙ্গা এলাকা থেকে নিখোঁজ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। মৃতদের নাম শুভ মাল (১৭) ও আকাশ সাহা (২৩)। বাড়ি চুঁচুড়া থানার মতিবাগান এলাকায়। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্যে ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *