Student, Gobardanga, জমিদার বাড়ির ছবি তুলতে গিয়ে আক্রান্ত দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী! বেধড়ক মারধরের অভিযোগ, ‘মানসিক রোগী’ তত্ত্বে ধামাচাপার চেষ্টা পুলিশের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ জুলাই: উত্তর ২৪ পরগনার গোবরডাঙার ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে ছবি তুলতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় এক ছাত্রীর চুলের মুঠি ধরে টেনে মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জমিদার বাড়ির এক যুবকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগকারী বারাসত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিতা পাল জানান, সোমবার তিনি তাঁর দুই বান্ধবীকে নিয়ে গোবরডাঙার জমিদার বাড়ি ঘুরতে ও ছবি তুলতে যান। তাঁদের দাবি, বাড়ির ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই এক যুবক বেরিয়ে এসে তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। তারা বেরিয়ে আসতে শুরু করলে আচমকাই ওই যুবক তাদের উপর চড়াও হন। ছাত্রীদের অভিযোগ, প্রথমে কিল- ঘুষি মারতে শুরু করেন অভিযুক্ত। এরপর মিতা পালের চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। ঘটনায় অন্য দুই ছাত্রীও নিগৃহীত হন বলে অভিযোগ। এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রীরা গোবরডাঙা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, ঘটনাটি অত্যন্ত গুরুতর হলেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে অভিযুক্তকে মানসিক ভারসাম্যহীন বা পাগল বলে উল্লেখ করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ বলেন, অভিযুক্ত যুবক সৌনাভ প্রসন্ন মুখার্জি ওই জমিদার বাড়ির সদস্য। তাঁর দাবি, যুবকটি মানসিক সমস্যায় ভুগছেন, নিয়মিত ওষুধ খান এবং তার চিকিৎসার প্রেসক্রিপশনও রয়েছে। ওসি জানান, এই ঘটনায় উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।

তবে ছাত্রীরা প্রশ্ন তুলেছেন, কেউ মানসিক সমস্যায় ভুগলেও প্রকাশ্যে মহিলাদের উপর হামলা ও মারধরের অভিযোগকে কি এভাবে হালকাভাবে দেখা যায়? গোবরডাঙা থানার পুলিশ ঘটনার ধামাচাপার চেষ্টা করছে। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিও, ছাত্রীর অভিযোগ এবং পুলিশের বক্তব্য, সবকিছু খতিয়ে দেখে তদন্তের পরই প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *