একটি নম্বর দিয়েই চলছে দুটি ট্রাক! হিলি ট্রাক ওনার্স এসোসিয়েশনের সম্পাদকের এমন কর্মকান্ডে অবাক লরি মালিকরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট৷ ৩১ জানুয়ারি: একই নম্বরে চলছে দুটি পণ্যবাহী লরি। একটি পুলিশের হেফাজতে আসলেও অন্যটি রয়েছে অধরা। সোমবার সকালে এ ঘটনা সামনে আসতেই রীতিমতো চমকে উঠেছেন অনেক লরি ব্যবসায়ীই। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের সীমান্ত শহর হিলিতে।

জানা গিয়েছে ডাব্লুবি ৭৬৯৯ এই একই নম্বরের দুটি পন্যবাহী লরি রয়েছে হিলিতে। বেশ কিছুদিন ধরে তাতেই আন্তর্জাতিক সীমানা পার করে বাংলাদেশে পণ্য পরিবহন করছিল লরি মালিক সন্দীপ দত্ত বলে অভিযোগ। যিনি বর্তমানে হিলি ট্রাক ওনার্স এসোসিয়েশনের সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। রবিবার এমনই এক গোপন খবর পেতেই হিলি থানার পুলিশ অভিযান চালিয়ে ওই নম্বরের একটি গাড়িকে আটক করেছে। যদিও একটি গাড়ি অধরাই রয়েছে।

এদিন এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়েছে গোটা দক্ষিন দিনাজপুরে। মেয়াদ উত্তীর্ণ ওই একই নম্বরের দুটি পণ্যবাহী লরি কিভাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশে মাল নিয়ে যাচ্ছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এদিন এই ঘটনা সামনে আসতেই কিছুটা কাঠগড়ায় দাঁড়িয়েছে পরিবহন দপ্তরের ভুমিকাও। যদিও এই ঘটনা নিয়ে সুনির্দিষ্ট ধারায় মামলা করেছে হিলি থানার পুলিশ। বিষয়টি নিয়ে গাড়ি মালিক সন্দীপ দত্তকে একাধিকবার ফোন করা হলেও তার ফোনের সুইচ অফ ছিল।

যদিও দক্ষিণ দিনাজপুর জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা বলেন, সাংবাদিকদের মুখ থেকেই বিষয়টি প্রথম শুনেছেন তিনি। একই নম্বরে দুটি গাড়ি চলা বাস্তবে সম্ভব নয়। এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে সিস্টেম অনুযায়ী তা চেক করে কড়া ব্যবস্থা নেওয়া হবে ওই লরি মালিকের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *