আমাদের ভারত, ব্যারাকপুর, ৩১ জানুয়ারি: পারিবারিক অশান্তির জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলো এক বৃদ্ধা। কৃষ্ণা ব্যানার্জি নামে ওই বৃদ্ধা নিজের ছেলে বউয়ের অত্যাচারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হালিশহরে।
বাগমোড়ে ছেলে কার্ত্তিক ব্যানার্জি ও বৌমা নম্রতা ব্যানার্জির সাথে থাকতেন কৃষ্ণা ব্যানার্জি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ছেলে বউ খেতে দিত না কৃষ্ণা ব্যানার্জিকে। শাশুড়ি বৌমার মধ্যে রোজ অশান্তি লেগেই থাকত। সেই সঙ্গে চলত দীর্ঘদিন ধরে অত্যাচার, এমনই অভিযোগ করলেন পাড়া প্রতিবেশীরা। অবশেষে সহ্য না করতে পেরে সোমবার গায়ে আগুন দেয় বছর ষাটের কৃষ্ণা ব্যানার্জি। অগ্নিদগ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলের পৌঁছায় বীজপুর থানার পুলিশ। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে বৌমা নম্রতা ব্যানার্জিকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই গোটা ঘটনার খবর পেয়ে মৃতার মেয়ে ছুটে আসে। পরবর্তীতে মৃতার মেয়েও থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

