সাসপেন্ড হওয়া দুই বিজেপি বিধায়ক রাজ্যপালের কাছে

আমাদের ভারত, কলকাতা, ১১ মার্চ: রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে রাজভবনে বিজেপির দুই বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়। নেতৃত্বে ছিলেন বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা। সূত্রের খবর, বিধানসভার চলতি অধিবেশনে সাসপেন্ড হওয়া এই দুই বিজেপি বিধায়ক সেই  প্রসঙ্গেই আলোচনা করেন রাজ্যপালের সঙ্গে। 

গত সোমবার অর্থাৎ ৭ মার্চ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হয়। নির্দিষ্ট সময়ে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল-সহ সকলে পৌঁছে যান। প্রথা অনুযায়ী, রাজ্যপালের উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা। তার আগেই বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। স্পিকারের আসনে বসে বেশ কিছুক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ধনকর। বিক্ষোভের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। পুরসভা নির্বাচনে অশান্তির অভিযোগ তুলে ক্রমশ সুর চড়াতে থাকে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিক্ষোভের জেরে বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন জগদীপ ধনকর। সব মিলিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী। 

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার বিধানসভায় বিজেপির দুই বিধায়ক মিহির গোস্বামী ও  সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেনশনের প্রস্তাব রাখেন পার্থ চট্টোপাধ্যায়। ধ্বনিভোটে পাশ হওয়ায়, দুই বিধায়ককে চলতি অধিবেশনের জন্য অর্থাৎ ২৮ মার্চ পর্যন্ত সাসপেন্ড করা হয়। রাজ্যপালের সঙ্গে দুই বিজেপি বিধায়কের সাসপেনশন নিয়েই আলোচনা হয় এদিন। ৭ মার্চ ঠিক কী ঘটেছিল, হট্টগোলে কী ভূমিকা ছিল দুই বিধায়কের, তা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন। আলোচনা হয় সাসপেনশন প্রত্যাহার নিয়েও। সঙ্গে ছিলেন মনোজ টিগ্গা।

দুই বিজেপি বিধায়কের সাসপেনশন বিষয়টিতে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। চলতি অধিবেশন বয়কট করার ডাক দেন তাঁরা। সেই মতো বিধানসভায় ধরনায় বসছেন বিজেপি বিধায়করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *