রায়নায় নাকা চেকিংয়ের সময় পুলিশের হাতে ধৃত দুই ছিনতাইকারী

আমাদের ভারত, বর্ধমান, ৩১ জুলাই: নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়ল দুই দুষ্কৃতি। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল শেখ রাজন ও শেখ সামসুল আলম ওরফে রনি। শনিবার তাদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রায়নার মাধবডিহি থানা এলাকায় একটা ওষুধের দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ও রূপোর চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানতে পারে ওই দলে পাঁচ জন ছিল। দুষ্কৃতীরা ছিনতাই করার পরে রায়নার বাইরা গ্রামে ফিরছিল। সেই সময় রায়না থানার দিঘির পাড় এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। ওই দুষ্কৃতীরা গ্রামে ঢোকার মুখে পুলিশের মুখে পড়ে যায়। সুযোগ বুঝে তিনজন রাস্তার পাশে একটা জলমগ্ন মাঠ দিয়ে পালিয়ে যায়। বাকি দু’জনকে পুলিশ গ্রেফতার করে। অভিযুক্তদের কাছ থেকে পুলিশ দুটো চোরাই বাইক, আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও রূপোর চেন উদ্ধার করেছে।

পুলিশ জানতে পেরেছে ওই যুবকরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো। লকডাউনের জেরে তারা কাজ হারিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু এরপর আর কাজ না জোটায় তারা জোট বেঁধে অপরাধমূলক কাজকর্ম করতে শুরু করে। তবে এর আগে তারা কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল কি না। কিংবা পুলিশের খাতায় তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *