সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ এপ্রিল: ভর দুপুরে হঠাৎ আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি দোকান। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রেল বাজার সংলগ্ন এলাকায়। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি।স্থানীয় বাদিন্দারদের দাবি, ওই দোকান সংলগ্ন এলাকায় রেলের একটি ভ্যাট আছে, সেখানে প্রতিদিন রেলের সমস্ত আবর্জনা পোড়ানো হয়। সেখান থেকেই আগুন লেগেছে।

স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর দুটো নাগাদ একটি দোকান থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করেন তারা। জল দিতেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। এ বিষয়ে তিনি বলেন, সম্পূর্ণই রেলের উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি তাদের যেভাবে সাহায্য করা যায় আমরা চেষ্টা করব এ-বিষয়ক আমরা রেল কর্তৃপক্ষকে জানাবো।

আগুন লাগার বিষয় দমকল কর্মী জানান, ওই আবর্জনার স্তুপ থেকেই হয়তো আগুন লেগেছে। দমকলের দুটি ইঞ্জিনের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

