সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ এপ্রিল: কড়া নিরাপত্তায় আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে কড়া নজরদারির পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা হলেও কমেছে। করোনার কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি,২০২০ সালে বাঁকুড়া জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ হাজার ১০৭ জন। আর এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৬৮৬। অর্থাৎ এবছর ২৪২১জন পরীক্ষার্থী কম।
আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।জেলায় এবছর ৩০৭টি কেন্দ্রে পরীক্ষা গৃহীত হচ্ছে। মাধ্যমিকের মতোই এবছর উচ্চ মাধ্যমিকেও তুলনামূলক ভাবে ছাত্রীর সংখ্যা বেশী। এবছর ১৬ হাজার ৯৩ জন ছাত্র ও ১৬ হাজার ৬৯৬ ছাত্রী পরীক্ষায় অবতীর্ণ।

