দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই গর্ভবতী মহিলার

কুমারেশ রায়, মেদিনীপুর, ৫ জুলাই: দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল দুই গর্ভবতী মহিলার। ঘটনা দাসপুর থানার রাজনগর পশ্চিম এলাকার। দুই গর্ভবতী মহিলার নাম খুশি দোলুই(২১) এবং লীলা দোলুই(২৩)।

সোমবার দুপুরে বৃষ্টির সময়, খুশি এবং লীলা রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। দুপুর আড়াইটে নাগাদ পাশে রঞ্জিত বরদলই এবং অজিত বরদলইয়ের ভগ্ন বাড়ির একটি ৩০ থেকে ৩৫ ফুট উঁচু দেওয়াল হুরমুড়িয়ে ভেঙ্গে পড়ে রান্না ঘরের উপর। ভেঙ্গে পড়া দেওয়ালের নিচে
চাপা পড়ে যায় খুশি এবং লীলা। স্থানীয় মানুষজন ছুটে আসেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় খুশি এবং লীলাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা ওই দুই গর্ভবতী মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক এই ঘটনায় শুধু দুটি প্রাণ নয় মৃত্যু হল চারটি প্রাণের। খুশি এবং লীলার বিয়ে হয়েছিল এক বছর আগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজিত বরদলুই এবং রঞ্জিত বরদলুই নামে দুই ভাইয়ের বাড়ি, শম্ভুনাথ এবং সুদর্শন দলুইদের বাড়ির পাশেই। বরদলুই ভাইদের বাড়িটি প্রায় ৫০ বছরের পুরোনো বলে স্থানীয় মানুষজন জানিয়েছেন। অজিতবাবু বেশ কয়েক বছর আগে রাজনগর বাজারে পাকা বাড়ি করে চলে গেছেন, কিন্তু অজিতবাবুর বাড়িটি দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় ছিল। এলাকার বাসিন্দারা বারবার বাড়িটিকে সারাতে বললেও তাতে কর্ণপাত করেননি অজিতবাবু। বর্ষার মরসুমে বৃষ্টির জলে ভগ্নপ্রায় বাড়িটির অবস্থা আরও দুর্বল হতে থাকে। শেষমেষ সোমবার বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ল।

এই ঘটনায় স্তম্ভিত হয়ে যায় গোটা এলাকার মানুষজন।
কিন্তু তারপরেই ক্ষোভে ফুঁসে উঠে এলাকার মানুষজন।কারণ দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করলেও অজিত বাবু বিপদজনক এবং ভগ্নপ্রায় বাড়িটি সরানোর কোনও পদক্ষেপ নেননি। এই ঘটনার পর প্রায় হাজার দুয়েক মানুষ ওই এলাকায় জমায়েত হন এবং ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানিয়েছেন, আইনত এর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *