রাজেন রায়, কলকাতা, ৫ জুলাই: পেট্রোল-ডিজেলের চড়া মূল্য বৃদ্ধি এবং তার জন্য ভাড়া বৃদ্ধির দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব হচ্ছিল বাস মালিক সংগঠনগুলি। রাস্তায় নামছিল কম সংখ্যক বাস, ফলে বাড়ছিল যাত্রীদের হয়রানি। সোমবার পরিবহন দপ্তরের ময়দান তাঁবুতে এক বৈঠকে মিলিত হন বাস মালিক সংগঠনের নেতা স্বর্ণ কমল সাহা এবং পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠক থেকে বেড়িয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগে বাস মালিকরা রাস্তায় বাস নামান। কোথায় কত ভাড়া বৃদ্ধি হবে, সেটা নবান্নের বিশেষজ্ঞ মিটিংয়ে ঠিক হবে।
এদিন প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক হয়। বেঙ্গল বাস সিন্ডিকেটের সভাপতি স্বর্ণকমল সাহাকে এদিন ডেকে পাঠিয়েছিলেন ফিরহাদ। সেই বৈঠকেই মন্ত্রী কড়া বার্তা দিলেন, আগে বাস নামবে রাস্তায়, তারপর ভাড়া বৃদ্ধি নিয়ে বিবেচনা। নবান্ন সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে প্রাথমিকভাবে সামাল দিতে অক্টোবর পর্যন্ত রোড ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এদিনের বৈঠকে পথ নিরাপত্তায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে সিসিটিভির নজরদারি আরও বাড়াতে হবে বলে জানান পরিবহণ মন্ত্রী। এতদিন ধরে টার্মিনাসে বাসগুলি থাকার কারণে সে সবের রক্ষণাবেক্ষণ না হওয়ায় রাস্তায় নেমে দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। তাই বাসের স্বাস্থ্যপরীক্ষার পরই তাদের চালানোর পরামর্শ দিয়েছেন ফিরহাদ হাকিম। তবে মন্ত্রীর বাস চালানোর নির্দেশ বাস মালিক সংগঠন কেমন ভাবে নেয়, সেটাই দেখার।

