অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুন:
ঝাড়গ্রাম জেলা থেকে এবার দুই বিধায়ক রাজ্যের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় জেলাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।

সোমবার অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক রাজেশ মাহাতো রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। একইসঙ্গে নয়াগ্রাম বিধানসভার বিধায়ক অমিয় কিস্কুও রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। ঝাড়গ্রাম জেলার দুই জনপ্রতিনিধির মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির খবরে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এদিন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক অমিয় কিস্কু মন্ত্রিত্ব পাওয়ায় নয়াগ্রাম বাজার এলাকায় বিজেপি কর্মী- সমর্থকদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। আনন্দ উৎসবে সামিল হন বহু স্থানীয় বাসিন্দাও।

অন্যদিকে, অমিয় কিস্কুর বাড়িতেও খুশির আবহ লক্ষ্য করা যায়। পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও এই সাফল্যে আনন্দ প্রকাশ করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও জনসংযোগমূলক কাজের স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আশাবাদের সঞ্চার হয়েছে।

নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডলসহ দলীয় কর্মী-সমর্থকদের দাবি, জেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে মন্ত্রী হিসেবে অমিয় কিস্কুর অভিজ্ঞতা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইভাবে রাজেশ মাহাতোর মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিও ঝাড়গ্রামের সার্বিক উন্নয়নে নতুন দিশা দেখাবে বলে মনে করছেন জেলার মানুষ।

