পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুন: কাঁসাই নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো তিন কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ সকালে কাঁসাই নদীর অ্যানিকেট বাঁধের কাছে। মৃতদের নাম নিখিল আচার্য (১৬), বাড়ি খড়্গপুর শহরের ঝুলি এলাকায়, জেনিথ আচার্য (১৭), বাড়ি ছোট ট্যাংরা এলাকায়, কোলেব ড্যানিয়েল বঙ্গ (১৬) বাড়ি ঝুলি সোনামুখী এলাকায়।
সূত্রে জানা গিয়েছে, ছয় বন্ধু মিলে আজ সকালে স্নান করার উদ্দেশ্যে কাঁসাই নদীতে যায়। স্নান করতে নেমে তিনজন তলিয়ে যায়। বিপদ বুঝে প্রাণ ভয়ে অপর তিনজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে তাদেরকে উদ্ধার করে। পুলিশ এসে মৃতদেহ গুলি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃতদের পরিবারের এক সদস্য রবীন্দ্র আচার্য জানান, এরা বাড়ি থেকে প্রায় বেরিয়ে যায় কিছু না বলে। কোনো সময় টিউশন, কোন সময় জিমে যায়, ফিরে এসে বলে। আজও কিছু না বলে ওরা বেরিয়ে গিয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এখানে নদীর গভীরতা যে অনেক তা ওরা বুঝতে পারেনি, তাই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। তবে নদীতে না নামাই ভালো। এই দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

