MLA, Bangaon, মন্ত্রীত্বের দাবিতে বনগাঁর দুই বিধায়ক, সরব কর্মীরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ মে: বনগাঁ মহকুমার রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে দুই বিধায়ককে মন্ত্রী করার দাবিকে কেন্দ্র করে। দলীয় কর্মী-সমর্থকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করেছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁর দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। এরা দুবারের বিধায়ক বলে দাবি কর্মীদের। তাঁদের নেতৃত্বেই এলাকায় তৃণমূলের “আতুর ঘর” ভেঙে রাজনৈতিক পরিবর্তনের পথ আরও মজবুত হয়েছে বলে দাবি কর্মীদের।

সম্প্রতি বিভিন্ন এলাকায় দলীয় বৈঠক ও কর্মসূচিতে কর্মীদের মুখে শোনা যাচ্ছে একটাই স্লোগান— “যোগ্য নেতৃত্বকে মন্ত্রিসভায় জায়গা দিতে হবে।” তাঁদের মতে, বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুই বিধায়ক অশোক কীর্তনীয়া ও স্বপন মজুমদার। এলাকায় দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গলরাজের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ে তাঁরা সামনের সারিতে ছিলেন বলেও দাবি করা হয়েছে। কর্মীদের বক্তব্য, রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলে বনগাঁ মহকুমার উন্নয়ন আরও দ্রুত হবে। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন প্রকল্প আনার ক্ষেত্রেও সুবিধা হবে বলে মনে করছেন তাঁরা।

যদিও অশোক কীর্তনীয়া ও স্বপন মজুমদার বলেন, দলের শীর্ষ নেতৃত্ব যেটা ভালো মনে করবেন সেটাই হবে।

যদিও এই বিষয়ে এখনও দলীয় শীর্ষ নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, কর্মীদের এই দাবিকে ঘিরে বনগাঁর রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *