সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া ৬মে: বাড়ি তৈরীকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের দু’জনকে খুন করার অপরাধে আজ বাঁকুড়া আদালত অভিযুক্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
ঘটনার বিবরণে জানা গেছে, বাঁকুড়া শহরের নতুন চটিতে প্রতিবেশীর বাড়ি লাগোয়া জায়গায় বাড়ি তৈরী নিয়ে বিবাদ বাধে মথুরা মোহন দত্ত ও বিশ্বম্ভর রুইদাসদের মধ্যে। রুইদাস পরিবার দত্ত পরিবারের জায়গা জুড়ে বাড়ি নির্মাণ করে, রুইদাস পরিবার স্হানীয় পৌরসভার অনুমতি ও কাগজ পত্র নিয়ে বাড়ি তৈরী করলে দত্ত পরিবার কলকাতা উচ্চ আদালতের শরনাপন্ন হন। উচ্চ আদালত নির্মাণ বেআইনি ঘোষণা করে তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
এই সংবাদ পেয়ে ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্ত বিশ্বম্ভর রুইদাস, মহেশ্বর রুইদাস, পিন্টু রুইদাস ও নমিতি রুইদাস দত্ত পরিবারের উপর চড়াও হয়।দত্ত পরিবারের বড় ছেলে শ্রীধর সেই সময় মুদিখানার জিনিস নিয়ে বাড়ি ফিরছিল। হাইকোর্টে কেন আপিল করা হয়েছে এই প্রশ্ন তুলে তারা সশস্ত্র অবস্থায় প্রথমেই শ্রীধরকে মারধো্র শুরু করে। তাকে বাঁচাতে তার বৃদ্ধ বাবা মথুরা মোহন দত্ত(৬৬) এগিয়ে এলে তাকেও অস্ত্র দিয়ে মারধর করে। এর ফলে ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়েন। তাদের বাঁচাতে মথুরাবাবুর স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রীধর ও মথুরা মোহনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় বিশেষ আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায় বলেন, মামলার সমস্ত ঘটনা বিচার করে বিচারপতি অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, এবং তিন লক্ষ কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণের আদেশ দিয়েছেন। অপর এক অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছেন।

